মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৬, ৮:৪৫:৪১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে হাইকমিশন একাধিক করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেছে।
শনিবার হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পরামর্শে বলা হয়, প্রবাসীদের কর্মরত দেশের আইন ও বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে হাইকমিশন জানায়, চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: হাইকমিশনের পরামর্শে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার জন্য বলা হয়েছে। পাশাপাশি গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে কর্মরত দেশের স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার কিংবা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
এছাড়া যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া এবং কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার পরামর্শ রয়েছে। প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।





