কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০:০০ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুডু ও জালান সিলাংয়ের কোতারায়া বাংলা মার্কেট এলাকায় মেগা অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে শুরু হওয়া অভিযানে ২ হাজার ৫০০ বিদেশিকে তল্লাশি করা হয়। আটক ৪৭২ জনের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৬২ বছর। আটকদের মধ্যে বাংলাদেশি ৩৬৪ জন, মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর আঞ্চলিক অভিবাসন পরিচালক দাতুক হামশা ইঞ্জাউ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অভিযানে ৩৩৭ কর্মকর্তা ও সদস্য অংশ নেন। এর মধ্যে অভিবাসন বিভাগের ২১৮ জন এবং কুয়ালালামপুর সিটি হল, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১১৯ জন সদস্য ছিলেন।
অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলে তাদের সঙ্গে কর্মকর্তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় সেগুলোর তালা ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক কয়েকটি স্থাপনা ও বিদেশিদের কাছে অবৈধ ওষুধ বিক্রির একটি দোকান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটকদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
এক অভিযানে ৪৭২ বিদেশির মধ্যে ৩৬৪ জন বাংলাদেশি হওয়ায় বিষয়টি নিয়ে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৈধ কাগজপত্র, কর্মসংস্থান ও অভিবাসন আইন মেনে চলার বিষয়ে এ অভিযান নতুন করে সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।






