সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৩:৫০ অপরাহ্ন
নতুন ভর্তি ১৮১

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম ও উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মাস বয়সী শিশু তাইবা মারা যায়। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৯ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীসহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬২৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১৭ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিশ্বনাথে ৩ জন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ১৭ জন, ফেঞ্চুগঞ্জে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৩ জন, ধর্মপাশায় ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণকারী ৬ মাস বয়সী তাইবা হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। নতুন এ মৃত্যুতে চলতি বছর বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬ জন। এর সঙ্গে নিশ্চিত হাম রোগে মারা যাওয়া ১০ জন যোগ হয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭৬ জনে।
জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৯, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন নিশ্চিত রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির চাপ অব্যাহত রয়েছে।





