সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৯:১১:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন ডেঙ্গুরোগী।
শুক্রবার (২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪ জনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে বিভাগের হাসপাতালে ভর্তি ৩৯ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫, মৌলভীবাজার সদর হাসপাতালে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত শনাক্ত ৪৩৮ জনের মধ্যে হবিগঞ্জে ১৮৭, সুনামগঞ্জে ৯৯, সিলেটে ৯৪ এবং মৌলভীবাজারে ৪৫ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একজন করে মারা গেছেন।






