সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৯:২৮:২৬ অপরাহ্ন
এডাল্ট এডুকেশন এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এর উদ্যোগে ‘ভলন্টিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে সিলেটে। স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তরুণ ও স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করাই ছিল সামিটের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মঞ্জু। এতে সভাপতিত্ব করেন এইআরপি এর চেয়ারম্যান ড. আনোয়ারুল ওয়াদুদ। সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক সামশুর রহমান জাবাল। স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ব্যক্তিগত উন্নয়ন ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইসলামের আদর্শ ও মূল্যবোধ চর্চার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে এবং সমাজকল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এইআরপি এর চেয়ারম্যান ড. আনোয়ারুল ওয়াদুদ বলেন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও সংগঠিত উদ্যোগ নেওয়া হবে। তিনি স্বেচ্ছাসেবকদের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এইআরপি-এর পরিচালক আশরাফুল ওয়াদুদ সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরে বলেন, শিক্ষা, পুনর্বাসন, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এইআরপি -এর অন্যতম লক্ষ্য।
সামিটে বক্তারা পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে কল্যাণমুখী সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে এইআরপি -এর বিভিন্ন পর্যায়ের সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





