দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৯:১৭:৪৭ অপরাহ্ন

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকরা যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে জন্য সরকার আন্তরিক। সিলেট সম্প্রীতির নগরী উল্লেখ করে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানান।
শুক্রবার দুপুরে নগরীর সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকদের ওপর গুরুত্ব দিয়ে তিনি গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাস। এতে পূজা পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভায় জানানো হয়, এবার সিলেট জেলায় সার্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহানগর এলাকায় সার্বজনীন ১৪৬টি ও পারিবারিক ১৬টিসহ মোট ১৬২টি মণ্ডপে পূজা হবে। জেলা ও মহানগর মিলিয়ে মোট মণ্ডপের সংখ্যা ৬৩৬টি।
শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।
সভায় দুর্গাপূজায় ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা পরিষদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





