সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৯:১৬:৩৪ অপরাহ্ন

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উৎপাদনশীলতার মূল বিষয় হলো কম খরচে অধিক উৎপাদন বা আউটপুট নিশ্চিত করা। এজন্য ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশের পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারী এবং আমদানি-রপ্তানিকারকদের জন্য সহজ ব্যবসায়িক পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চা বাগানগুলোকে আরও গতিশীল ও উৎপাদনমুখী করতে জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটি বাগানগুলো পরিদর্শন করে প্রতিবেদন দেবে। এছাড়া চা বাগানে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে আরও ছয়টি কমিটি কাজ করছে। তিনি আরও জানান, ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও জয়েন্ট স্টক থেকে নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সাংবাদিক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও ফুলকলি ফুডের উপমহাব্যবস্থাপক জসীম উদ্দিন বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিসিক সিলেটের উপমহাব্যবস্থাপক সোহেল হাওলাদার। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





