প্রধানমন্ত্রীকে আমিরাতের যুবরাজের বিশেষ আমন্ত্রণ
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:০৮:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক জোড়া প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। দেশটির রাজধানী আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স) অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণবার্তায় বাংলাদেশের সরকারপ্রধানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হামদান। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যকার সুসম্পর্কের প্রতিফলন হিসেবে তিনি উল্লেখ করেন, প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উপস্থিতি পুরো আয়োজনকে তাৎপর্যপূর্ণভাবে সমৃদ্ধ করবে এবং এর সামগ্রিক সফলতায় বিশেষ ভূমিকা রাখবে। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, বৈশ্বিক পরিমণ্ডলে আইডেক্স ও ন্যাভডেক্স সামরিক খাতের সর্বাধুনিক প্রযুক্তির এক বিশাল প্ল্যাটফর্ম। এই প্রদর্শনীতে স্থল, নৌ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক উদ্ভাবনসমূহ প্রদর্শন করা হয়। এছাড়া নিরাপত্তা ও সামরিক খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে।





