সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:২১:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। শনিবার ভোরে সিলেটের কানাইঘাট সীমান্তে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
একই দিন ডোনা বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। এছাড়া সুরাইঘাট বিওপির আরেকটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করে।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






