পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, আটক ২
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৩৫:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা-পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দাড়িয়াপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার আগৈলঝড়া খানার কালীবাড়ি (আসকর) এলাকার মুকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) ও সুনামগঞ্জের দিরাই থানার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। আটক দুজনই বর্তমানে নগরীর দাড়িয়াপাড়ায় বসবাস করছেন।
এসএমপি সূত্র জানিয়েছে, গত ২০ নভেম্বর রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন হিসেবে তাঁদের শনাক্ত করা হয়।
রোববার (২২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।





