মৌলভীবাজারে ৫০ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৭:৪০:১২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মোঃ মনির হোসাইন (৩৮)। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে ড্রাইভার সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়।
গাড়ি তল্লাশি করে মোট ১৬ হাজার ১শ ৬৪ পিস ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। প্রসাধনীগুলোর সর্বমোট বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩শ ৩৬ টাকা। এছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যের বরাত দিয়ে জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় চালানের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।






