বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকারী ৫ জন আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:২১:২৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিএসএফের পুশইন করা ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে বিজিবি লাতু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। তারা মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পরিচয় শনাক্তের পর বিকেলে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
বিজিবি জানায়, আটককৃতরা সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুইজন সাত দিন আগে এবং বাকি তিনজন পাঁচ দিন আগে ভারতে গিয়েছিলেন। সেদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ি তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেলে জানান, আটককৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মধ্যে তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।






