শাল্লায় শিশির মনিরের উদ্যোগে নৌকা বাইচে জনতার ঢল
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:১৩:৪২ অপরাহ্ন

শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে শুক্রবার নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জুমআ’র নামাজের পর শ্যামারচর বাজার সংলগ্ন মরা সুরমা নদীতে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত নৌকাদল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে হালকা হাওয়া ও বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে শ্যামারচর বাজারে খেয়াঘাটের দুইপারে নৌকার দীর্ঘ সারি হয়। সারি সারি নৌকায় এসে উপস্থিত হাজার হাজার মানুষদের ঢল। দূরদূরান্ত থেকে ছাতা মাথায় দিয়ে দর্শনার্থীরা এসে ভিড় করেন সুরমা নদীর তীরে।
এসময় শিশির মনির বলেন, এই উদ্যোগ জেলা উপজেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন করে প্রাণ ফিরে পাবে এবং স্থানীয় সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন ঘটবে।
পরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ১ম পুরস্কার হিসেবে ছিল সোনার হরিণ, ২য় পুরস্কার সোনার প্রজাপতি ও ৩য় পুরস্কার একটি মোটরসাইকেল।






