সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৬:২৮:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য, সাবেক সিলেট মহানগরী সভাপতি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী সহ যাবতীয় মন্দ কাজের অবসানে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। সেই নেতৃত্ব সুশিক্ষা ছাড়া তৈরী করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন দ্বীনি তথা ধর্মীয় শিক্ষা। আলোকিত জীবন গড়তে শিক্ষার্থীদেরকে একাডেমিক, জেনারেল জ্ঞানার্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জনে সিরিয়াস হওয়া দরকার। মুসলিম হিসেবে কুরআন, হাদীস-সুন্নাহ’র অনুসরণ জরুরী। জীবনে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাসী মানসিকতা লালন, ভয় কাটিয়ে ওঠা, কঠোর প্রচেষ্টা ও পরিশ্রম জোরদার রাখার বিকল্প নেই।
তিনি শনিবার (৯ আগস্ট) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রশিবির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সাবেক জেলা সভাপতি এডভোকেট আবুল বাশার, সিলেট জেলা পশ্চিম ও সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও সুনামগঞ্জ জেলার এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা। বিজ্ঞপ্তি






