র্যাবের পৃথক অভিযানে ১টি পাইপগান ও ৪টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:১২:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে পৃথক অভিযানে ১টি পাইপগান ও ৪টি এয়ারগান উদ্ধার উদ্ধার করেছে র্যাব-৯। সোমবার রাতে সিলেটের গোলাপগঞ্জ থেকে পাইপগান ও মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দক্ষিণ রায়গড় এলাকার একটি নার্সারির পাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এয়ারগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়। অভিযানকালে অস্ত্রের মালিককে খুঁজে পাওয়া যায়নি। আগ্নেয়াস্ত্রটি নাশকতার কাজে ব্যবহারের জন্য অপরাধীরা লুকিয়ে রেখেছিল বলে ধারণা করছে র্যাব।
এদিকে সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্প এলাকার একটি ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত পাইপগান ও এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব-৯ এর অভিযানে ৩২টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২৭টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।






