নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অগ্নিনিরাপত্তা বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৬, ৭:১০:০৪ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে এ সেমিনার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং বিশেষ রিসোর্সপারসন ছিলেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ কুতুব উদ্দিন।
সেমিনারের প্রধান রিসোর্সপারসন এনইইউবি উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে অগ্নি নিরাপত্তাকে একটি টেকসই উন্নয়ন প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। তিনি রানা প্লাজা ট্র্যাজেডি এবং বিএসইসি ভবন ও বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো বড় বড় অগ্নি দুর্ঘটনার উদাহরণ টেনে ভবন নির্মাণে নিরাপত্তা বিধিমালার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
সেমিনারের বিশেষ রিসোর্সপারসন ও সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ কুতুব উদ্দিন তাঁর আলোচনায় অগ্নিকাণ্ডের কারণ, ঝুঁকি মূল্যায়ন এবং নির্বাপণ কৌশলের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি সচিত্র উপস্থাপনার মাধ্যমে দেখান রান্নাঘরে অসতর্কতা, যত্রতত্র বিড়ি-সিগারেট ফেলা বা কয়েল জ্বালানো এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের মতো ছোটখাটো অবহেলাই বড় ধরনের অগ্নিকাণ্ডের প্রধান কারণ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এনইইউবি-আইকিউএসি-এর পরিচালক ও এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে ও পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিরেক্টর অব ফিনান্স, লাইব্রেরিয়ানসহ সকল ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি মুহূর্তে জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল নিয়ে এই সেমিনারে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





