সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:২৮:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে| এ ঘটনায় শান্তিগঞ্জ উপজেলায় আরও ৩ জন আহত হয়েছেন| সোমবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সদর ও জামালগঞ্জ উপজেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে|
নিহত জমির উদ্দিন (৪৩) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে আব্দুল্লাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে| স্থানীয়দের ভাষ্য, সকালে তিনি দেখার হাওরে ধান কাটতে যান| বিকেল প্রায় ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়|
নিহত জমির হোসেন (৪৩) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ˆবটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে| জানা যায়, তিনি বাড়ি থেকে বের হয়ে ˆবটাখালি নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হন| পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
নিহত আবু সালেক (২৩) জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের আবুল কালামের ছেলে| বিকেল ৫টার দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন| পরে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে| সদর থানার ওসি তদন্ত আরিফ উল্ল্যাহ জানান, এই পর্যন্ত লোকমুখে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর শুনেছি| বিস্তারিত পরে জানাতে হবে|




