মালয়েশিয়ার জোহরে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৭:৫০:৩৯ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যে যৌথ অভিবাসন অভিযানে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে ৩২ জন বাংলাদেশি রয়েছেন।
বুধবার জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাত ৮টার দিকে জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ ও মালয়েশিয়া সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) যৌথভাবে অংশ নেয়।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে বিদেশিদের পরিচালিত বা বিদেশি কর্মী নিয়োজিত প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ থেকে ৪৯ বছর বয়সী ১০৮ জন বিদেশিকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৩২ জন বাংলাদেশি, ২২ জন মিয়ানমারের, ১৬ জন পাকিস্তানের, ১৫ জন নেপালের, ১২ জন ইন্দোনেশিয়ার, চারজন ভারতের নাগরিক এবং সাতজন নারী (মিয়ানমারের তিনজন, ইন্দোনেশিয়ার দুইজন ও নেপালের দুইজন)।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য তাদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
তিনি অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, এ ধরনের সহযোগিতা দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






