সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, পাটোয়ারীসহ আহত ২
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৬, ৮:৪৭:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দলের মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়িবহরে থাকা এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তির সিলেট মহানগরের আহ্বায়ক জুবায়ের আহমদ বলেন, জৈন্তাপুরে পথসভা শেষে হরিপুর বাজার অতিক্রম করে চিকনাগুল যাওয়ার পথে ৪০ থেকে ৫০ জনের একটি দল চলন্ত গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে নাসীরুদ্দীন পাটোয়ারী ও রেদোয়ান আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার পর নাসীরুদ্দীন পাটোয়ারীর ফেসবুক পোস্টেও হামলার অভিযোগ করা হয়। তবে আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ অস্বীকার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনার কোনো সত্যতা নেই। যারা এ কথা বলছে, তারা সত্য বলেনি।’
এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ এবং পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার-দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় পরস্পরবিরোধী দাবি তৈরি হয়েছে।
এদিকে, জৈন্তাপুর থেকে নগরীতে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে আমাদের তিনটি প্রোগ্রাম ছিল। স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট ক্রস করার পর বিকট একটি শব্দ হয়। আমাদের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, বড় একটি ইট পড়েছে, আমার হাতে ইটের আঘাতের দাগ আছে। মাথায় পড়লে মাথা ফাটতো নিশ্চিত।
তিনি বলেন, আজকে ইশরাক উস্কানি দিয়েছেন, রাশেদ খান উস্কানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি দলকে বলে দিয়েছি যে তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটি মস্তবড় ভুল করেছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা আমাদের রিমাণ্ডে নিয়েছিলো। তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান আপনি মস্তবড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে। এমন কাফফারা যা আপনি এক্সপেক্ট করবেন না। আপনি আমাকে পার্সোনাল রক্ত ঝরিয়েছেন। আপনি আমার বয়সে বড়, ছোটভাইয়ের রক্ত প্রতিশোধ নিবে। আপনার থেকে আমি পার্সোনালি রক্তের প্রতিশোধ নিবো।
“যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেয়া যাবে না। ঠিক আছে, মারা যাবো।
পুলিশের অস্বীকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পিছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। পাশে মোটরকেড ছিল। এখনো গাড়ি ভাঙা আছে, ইট আছে, আঘাত আছে। আমরা আশা করবো যে পুলিশ ভাইয়েরা তাদের চরিত্র পরিবর্তন করবে। আমরা এসপিকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। আমি আদালতে বা কোথাও যাবো না, এটাকে পার্সোনালি নিলাম।
ঘটনার পরপরই নাসিরুদ্দীন পাটওয়ারী তার ফেইসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে হামলার জন্য দায়ী করেন। তবে অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে হামলার অভিযোগের সত্যতা ও এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে দুইপক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।





