সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : আবুল হাসান এমপি
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৮:০৬:৪১ অপরাহ্ন

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার চরম অবক্ষয় চলছে। সততার চেয়ে চাতুর্য এবং যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি ও অর্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা সমাজে সংকট তৈরি করছে। তিনি বলেন, নেতৃত্বের সততার অভাবে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। মেধার অবমূল্যায়নের কারণে প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবীরা দেশ গঠনে যথাযথ ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন না। এ সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। মঙ্গলবার খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান এমপি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে শুধু স্লোগান নয়, বাস্তব জীবনে সমাজের প্রতিটি স্তরে খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের যেকোনো সংকটকালে প্রবাসী দায়িত্বশীলদেরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুতাসিম বিল্লাহ, কাজী ইমদাদুল হক, মাওলানা নাজমুল হক, তাওফিকুল ইসলাম ছাবির ও শাহিদুল ইসলামসহ সংগঠনের দায়িত্বশীলরা। বিজ্ঞপ্তি






