কোম্পানীগঞ্জে অনলাইন জটিলতায় বন্ধ জমির খাজনা আদায়
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬, ৮:২৭:৪৫ অপরাহ্ন
* স্থায়ী ভূমি অফিস না থাকায় চরম ভোগান্তিতে গ্রাহকরা
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় স্থায়ী অনুমোদন না থাকায় দুটি ইউনিয়ন ভূমি অফিস কার্যত অস্থায়ী (ভার্চ্যুয়াল) ভাবে চলছে। এর মধ্যে চলতি অর্থবছরের শুরু থেকে আইবাসে (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ইউনিয়ন ভূমি অফিসগুলোর নাম না থাকায় অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে পারছেন না জমির মালিকরা। ফলে বন্ধ রয়েছে জমির খাজনা আদায়। এতে নামজারি ও জমি রেজিস্ট্রির কাজেও জটিলতা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সারা দেশে ২০২৩ সালের ১৪ এপ্রিল থেকে শতভাগ অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ ব্যবস্থা চালু হয়। তবে কোম্পানীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসগুলোর স্থায়ী অনুমোদন না থাকায় অনলাইন ব্যবস্থায় বারবার জটিলতা দেখা দিচ্ছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে অস্থায়ীভাবে (ভার্চ্যুয়াল) ইউনিয়ন ভূমি অফিস পরিচালিত হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
আইবাসে কোম্পানীগঞ্জের ইউনিয়ন ভূমি অফিসের নাম না থাকায় বর্তমানে খাজনা পরিশোধ করা যাচ্ছে না। ফলে জমি রেজিস্ট্রি ও নামজারির কাজও বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক মো. পারভেজ হাসান জানিয়েছেন, এ বিষয়ে তাকে চিঠির মাধ্যমে কেউ অবগত করেনি। বিষয়টি জানালে তিনি সমাধানের চেষ্টা করবেন।
প্রতিবছরই ভোগান্তি: ডিজিটাল ভূমি সেবা চালুর পর থেকে প্রায় প্রতি অর্থবছরের শুরুতেই এ ধরনের জটিলতায় পড়তে হচ্ছে কোম্পানীগঞ্জের ভূমি সেবা প্রত্যাশীদের। ২০২৪ ও ২০২৫ সালেও আইবাসে কোম্পানীগঞ্জের ইউনিয়ন ভূমি অফিসের নাম না থাকায় প্রায় দুই মাস করে ভূমি উন্নয়ন কর পরিশোধ বন্ধ ছিল। চলতি অর্থবছরেও একই কারণে শুরু থেকেই বন্ধ রয়েছে খাজনা আদায়। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে জমির মালিকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন ভূমি অফিসে প্রায় এক কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। চলতি অর্থবছরে এখনো খাজনা আদায় শুরু করা সম্ভব হয়নি। স্থায়ীভাবে অফিসের অনুমোদন দেওয়া হলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুমোদন না থাকায় প্রেষণে কর্মকর্তা: ১৯৮৪ সালে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিস চালু হয়। পরবর্তীতে কোম্পানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস নামে দুটি ইউনিয়ন ভূমি অফিস চালু করা হলেও এগুলোর স্থায়ী মঞ্জুরি নেই। ফলে প্রয়োজনীয় জনবল নিয়োগও হচ্ছে না।
বর্তমানে অন্য উপজেলা থেকে প্রেষণে আসা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের দিয়ে এসব অফিসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুটি ইউনিয়ন ভূমি অফিসে মোট তিনজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে অর্জুন লাল রায় সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে প্রেষণে কোম্পানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করছেন। ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালন করছেন শাহাব উদ্দিন ও রতিশ দাস। তাদের মধ্যে শাহাব উদ্দিন বালাগঞ্জ উপজেলা এবং রতিশ দাস জকিগঞ্জ উপজেলা থেকে প্রেষণে এসেছেন।
দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে ইউনিয়ন ভূমি অফিসগুলো পরিচালিত হলেও এগুলোকে স্থায়ীভাবে অনুমোদনের উদ্যোগ না নেওয়ায় সমস্যা আরও দীর্ঘায়িত হচ্ছে। উপজেলা ভূমি অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিসগুলোর মঞ্জুরির জন্য জেলা প্রশাসনের মাধ্যমে একাধিকবার ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।
স্থানীয় ভূমি সেবা প্রত্যাশীদের দাবি, দ্রুত কোম্পানীগঞ্জ ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিসের স্থায়ী অনুমোদন দিয়ে আইবাসে নাম অন্তর্ভুক্ত করা হলে অনলাইন খাজনা পরিশোধের জটিলতা দূর হবে। একই সঙ্গে ভূমি সেবা কার্যক্রম স্বাভাবিক হয়ে গ্রাহকদের ভোগান্তিও কমবে।





