মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৬, ৮:৪৪:২৬ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত ‘অপস সারসার’ অভিযানে ৩০ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেআইএম এক বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির পর দেশজুড়ে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬৭৮ বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫২৮ জনকে আটক করা হয়েছে। এদিকে, জেআইএম পুত্রাজায়ার পক্ষ থেকে সেতাপাকের জালান ওয়াংসামাস এলাকার একটি নির্মাণস্থল ও দাতো কেরামাত এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ওই দুই স্থানে মোট ৮৩ বিদেশিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৭ জন ইন্দোনেশিয়ার, ৩০ জন বাংলাদেশের, দুজন নেপালের এবং টোগো, বুরকিনা ফাসো, মিয়ানমার ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।
জেআইএম জানায়, অভিযানের সময় আটক অভিবাসীদের অধিকাংশই কর্মরত অবস্থায় ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।
অভিযানে আটক অভিবাসীদের বিরুদ্ধে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ দেশটির অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে জেআইএম।





