জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১:২১ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে তামান্না আক্তার জলি (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে সৌদি আরবপ্রবাসী মারুফ আহমেদের স্ত্রী। রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে মারুফ আহমেদের সঙ্গে জলির বিয়ে হয়। তাদের ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর মারুফ সৌদি আরবে চলে যান। এরপর বিভিন্ন বিষয় নিয়ে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
প্রায় ছয় দিন আগে জলি স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে বাবার বাড়ি কাঠালখাই পশ্চিমপাড়ায় চলে আসেন। জলির বাবা আব্দুল মজিদ জানান, মারুফ বিদেশে যাওয়ার পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। বিষয়টি একাধিকবার মীমাংসাও করা হয়েছিল। রোববার সারাদিনও স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে কথা-কাটাকাটি হয়।
তিনি জানান, রাতে জলি শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার মেয়ের চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোয়ালাবাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






