গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৩:৫৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা বিধান রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদী দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ সময় বুড়িগঙ্গা নদীকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।





