ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের আশা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৯:৫৫ অপরাহ্ন
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ আগামী অক্টোবরের মধ্যে নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
বুধবার সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পটি সিলেট অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। সিলেট অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ভূমি অধিগ্রহণের বিষয়ে তিনি বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত ১১৩টি মামলার অধিকাংশ ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি






