সিলেটে হামে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৯:০৭:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম ও উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ বছর বয়সী জাবেদ কিশোর মারা যান। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছে ২৯ জন। একই সময়ে নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৪, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ৩৬ এবং সুনামগঞ্জে ৩৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বিশ্বনাথে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রয়েছেন।
নতুন রোগী ভর্তির পর বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৯৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিশ্বনাথে ৪ জন, বিয়ানীবাজারে ৫ জন, গোলাপগঞ্জে ৬ জন, ফেঞ্চুগঞ্জে ৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮ জন, ধর্মপাশায় ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত হাম ও উপসর্গে মারা যাওয়া ১৮২ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলার হিসাবে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
আগস্টে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বর মাসে মারা গেছেন ২৯ জন। আর অক্টোবরের প্রথম দিনেই নতুন করে একজনের মৃত্যু হলো। আগের দিন বুধবার ১ জনের মৃত্যুর ও ১৬ জনের শরীরে হাম শনাক্তের পাশাপাশি ১৬৪ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।






