ফেঞ্চুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:২৪:৩৮ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী (৪৮) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রায় দুই দিন আগে আমিনুল ইসলাম চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন তিনি। গত ২৮ আগস্ট রাতে তাঁর নেতৃত্বে থানা পুলিশের একটি দল উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর রেলক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ বোতল দেশীয় মদ উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে।
তাঁর আকস্মিক মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সহকর্মীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়।






