লাউয়াছড়ায় বগির হুক ছিঁড়ে ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:৩৫:৫৭ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বগির হুক ছিঁড়ে প্রায় চার ঘণ্টা আটকা পড়ে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের সাতটি বগির যাত্রীদের দীর্ঘ সময় বনের ভেতরে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে আটকে থাকা বগিগুলো সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। দুপুর দেড়টার দিকে ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করার পর বগিগুলোর সংযোগস্থলের একটি হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি দুই ভাগ হয়ে পড়ে।
হুক ছিঁড়ে যাওয়ার পর সামনের নয়টি বগি নিয়ে ইঞ্জিন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দিকে চলে যায়। পেছনের সাতটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আটকে পড়ে। এসব বগিতে থাকা যাত্রীরা প্রায় চার ঘণ্টা সেখানেই অবস্থান করতে বাধ্য হন।
দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বনের ভেতরে আটকে থাকায় অনেক যাত্রী উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটান।
পরে শ্রীমঙ্গল থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল সোয়া ৫টার দিকে ওই ইঞ্জিনের মাধ্যমে লাউয়াছড়ায় আটকে থাকা সাতটি বগি সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বগির হুক ছিঁড়ে যাওয়ায় ট্রেনের সাতটি বগি লাউয়াছড়ার ভেতরে আটকা পড়েছিল। পরে বিকল্প ইঞ্জিন এনে বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিকেল সোয়া ৫টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে হঠাৎ করে ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ সময় বনের ভেতরে আটকে পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।






