ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:৪৭:৪০ অপরাহ্ন

শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীলভাবে মত প্রকাশের সক্ষমতা বিকাশের লক্ষ্যে ব্রিজ একাডেমি, গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ব্রিজ একাডেমির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে অংশগ্রহণ করে। গ্রুপগুলো হলো প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি। প্রতিটি গ্রুপে শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি, মতামত ও বক্তব্য উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনটি গ্রুপ থেকে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণবকান্তি দেব। তিনি শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা, শুদ্ধভাবে মত প্রকাশ করার গুরুত্ব তুলে ধরেন।
পুরো বিতর্ক প্রতিযোগিতা সঞ্চালনা ও পরিচালনা করেন তাসনিয়া বেগম। বিচারকের দায়িত্ব পালন করেন ব্রিজ একাডেমির ভাইস প্রিন্সিপাল অগ্রনী গোস্বামী ও সিনিয়র শিক্ষিকা স্মিতা রায়।
পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্রিজ একাডেমির কারিকুলাম ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর আশরাফুল ইসলাম অনি।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে করে তোলে উৎসবমুখর। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি যুক্তি বিশ্লেষণ, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানো এবং ভিন্নমত গ্রহণের সুযোগ পায়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ব্রিজ একাডেমির অধ্যক্ষ মোস্তাক আহমেদ বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্রিজ একাডেমীর শিক্ষক ইনচার্জ সুস্মিতা রায় জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশে বিতর্কের মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি





