লন্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া ট্রেনিং অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:৩০:২১ অপরাহ্ন
লন্ডন সংবাদদাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে লন্ডনে দিনব্যাপী ‘মিডিয়া ট্রেনিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রোববার পূর্ব লন্ডনের আল-খায়ের হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষণে সাংবাদিকতার পরিবর্তিত চ্যালেঞ্জ, এআইয়ের ব্যবহার, সংবাদ যাচাই, সংবাদ লেখা ও উপস্থাপনার কৌশল এবং ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
প্রেসক্লাবের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলাউর রহমান খান শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ-এর সম্পাদক তাইসির মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা বিষয়ে অভিজ্ঞ মাসুদ হাসান খান, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্য যাচাই বিষয়ে আ স ম মাসুম, সংবাদ লেখা ও উপস্থাপনা বিষয়ে বুলবুল হাসান এবং এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ড. মো. মোস্তাফিজ কামাল সরকার।
মাসুদ হাসান খান সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, এর সম্ভাবনা ও ব্যবহারে সতর্কতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। আ স ম মাসুম সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাইয়ে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্ববোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বুলবুল হাসান সংবাদ লেখায় শব্দচয়ন, বাক্য গঠন, সংবাদ বিন্যাস ও উপস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। ড. মো. মোস্তাফিজ কামাল সরকার প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতা পেশার সম্ভাব্য রূপান্তর এবং এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি তারেক চৌধুরী বলেন, পরিবর্তিত প্রযুক্তি ও ডিজিটাল সাংবাদিকতার যুগে যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে পরিচিতি এবং সংবাদ পরিবেশনের মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






