সিলেট ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীই পেলেন জিপিএ-৫
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৭:২৮:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষা ২০২৬-এ অসাধারণ ও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী পাস করার পাশাপাশি সবাই জিপিএ-৫ অর্জন করেছেন।
প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, সিলেট ক্যাডেট কলেজ থেকে এ বছর মোট ৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার হার এবং পাসের হার—উভয় ক্ষেত্রেই শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে, বিজ্ঞান বিভাগে মোট ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, মানবিক বিভাগে মোট ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ক্যাডেটদের অক্লান্ত পরিশ্রম, সুশৃঙ্খল পরিবেশ এবং কঠোর নিয়মানুবর্তিতার কারণেই প্রতিবারের মতো এবারও সিলেট ক্যাডেট কলেজ ফলাফলের এই ধারাবাহিক শুভ সাফল্য বজায় রাখতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






