এসআরবির অভিযানে বিপুল গাঁজাসহ নারী-পুরুষ আটক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:২২:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই নারী-পুরুষ আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শুক্রবার (৩০ অক্টোবর) পৃথক সময়ে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এবং বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দক্ষিণভাগ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৭) ও বিয়ানীবাজারের উত্তর দুবাগ এলাকার হাবিল মিয়ার স্ত্রী সুহাদা বেগম (৩০)।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণভাগ তালিপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়ছল আহমদকে আটক করা হয়।
অন্যদিকে, একইদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিয়ানীবাজারের উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সুহাদা বেগমকে আটক করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন তারা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের ও জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।






