আলিমে পাঠানটুলা জামেয়া মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩১:৪৭ অপরাহ্ন
পাসের হার ৯০.৬৪%, জিপিএ-৫ পেল ২৭

স্টাফ রিপোর্টার : আলিম পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা। ২০২৬ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠান থেকে ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২১৩ জন। পাসের হার ৯০ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী।
এবছরের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ অর্জনকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৬ জন এবং সাধারণ বিভাগের ১১ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া এ গ্রেডে ৮৪ জন, এ মাইনাস গ্রেডে ৬৩ জন, বি গ্রেডে ২২ জন এবং সি গ্রেডে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৭৩ জন এবং সাধারণ বিভাগের ১৪০ জন।
গত বছরের ফলাফলেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল জামেয়া। ২০২৫ সালের আলিম পরীক্ষায় ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছিল। পাসের হার ছিল ৯২ দশমিক ৯০ শতাংশ। ঐ বছর জিপিএ-৫ পেয়েছিল ২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১১ জন এবং সাধারণ বিভাগের ১৪ জন ছিল। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা বেড়েছে ২ জন এবং পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬৬ জন। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক জিপিএ-৫ অর্জন জামেয়ার শিক্ষার অগ্রযাত্রার ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে এবারের ফলাফলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান হুমায়দী। তিনি এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যক্ষ বলেন, আগামীতে আরও ভালো ফলাফল অর্জন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জামেয়ার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।






