শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৮:৪৪:০৯ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার চাচা বলে জানা গেছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে রউফ মিয়া বেড়া দিতে গেলে আজব আলীর লোকজন তা তুলে ফেলতে যান। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে রউফ মিয়ার পক্ষের মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে দুইপক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। এ নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে। পুরোনো বিরোধের জের ধরেই শনিবারের সংঘর্ষে মন্নার মিয়া নিহত হয়েছেন।
শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বলেন, পূর্ববিরোধের জের ধরে আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি কর্মী মন্নার মিয়া নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ দুইপক্ষের সংঘর্ষে মন্নার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।






