নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:৫৯:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: স্মার্টফোন হাতে নিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে তালিকা তৈরির দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
জয়নাল আবেদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলা পর্যায়ে অনেকেই সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাদের অনেকের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও নেই। স্মার্টফোন ব্যবহার করেই অনেকে সাংবাদিক বনে যাচ্ছেন। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ সময় ভুয়া পরিচয়ে বিভিন্ন আইডি খুলে অনেকে নানা অপতৎপরতা চালাচ্ছেন অভিযোগ করে তিনি এসব ভুয়া সাংবাদিককে চিহ্নিত করতে সরকার কোনো তালিকা বা বিধিমালা করবে কিনা জানতে চান।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বিষয়টি গুরুত্বপূর্ণ। ভুয়া সাংবাদিকতার কারণে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে ডিআরইউ, বিএফইউজে, ডিইউজে, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওনাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছে মন্ত্রণালয়। তাদের পরামর্শ নিয়ে সাংবাদিকদের একটি তালিকা তৈরির চিন্তা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কারা সাংবাদিক হবেন, তা সরকার নির্ধারণ করে দিতে চায় না। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে। সরকার বাক্স্বাধীনতায় বিশ্বাস করে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতেও সরকার কাজ করছে।





