চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৮:০৮ অপরাহ্ন
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে সিলেটের তরুণদের অংশগ্রহণ কমে গেলে ভবিষ্যতে এ অঞ্চল নেতৃত্বশূন্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারলে সিলেট নেতৃত্ব দেওয়ার সক্ষমতা হারাবে। এ জন্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও সিভিল সার্ভিসে তাদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে সিলেটে অবস্থানরত বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব’, সিলেট আয়োজিত সংবর্ধনা, আলোচনা সভা, মতবিনিময়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় সিলেট ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের প্রশাসনিক ও পেশাগত নেতৃত্বে শিক্ষিত মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো অঞ্চলের উন্নয়নে জনপ্রতিনিধিরা নীতিনির্ধারণ ও পরিকল্পনা গ্রহণ করেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি ও পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোনো অঞ্চলে সরকারি গুরুত্বপূর্ণ পদে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের উপস্থিতি থাকলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অধ্যাপক নন্দলাল শর্মা, এম. আতাউর রহমান পীর, নীরেশ চন্দ্র দাশ ও মো. তজম্মুল হোসেন চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ আব্দুল হান্নান। এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র সদস্য নজরুল হক চৌধুরী, ভাস্কর রঞ্জন দাস, মাহবুবুজ্জামান চৌধুরী, ড. আবুল ফতেহ ফাত্তাহ, এ টি এম শোয়েব, ড. এনামুল হক সরদার, সংগঠনের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, লিয়াকত শাহ ফরিদী, প্রফেসর ভুবনজয় আচার্য, বিধায়ক রায় চৌধুরী, ড. তাসমিয়া চৌধুরী তানিয়া ও অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি




