মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৯:৫৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, গবেষণামুখী চিন্তাভাবনা এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার এবং উদ্ভাবনের সুযোগ করে দিতে পারলে তারা ভবিষ্যতে যুগোপযোগী আবিষ্কার ও উদ্ভাবনে সক্ষম হবে। এ ক্ষেত্রে মুহিবুর রহমান একাডেমির বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার মুহিবুর রহমান একাডেমি আয়োজিত বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং রেক্টর সালমা খানম চৌধুরী। এ ছাড়া একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করাই তাঁদের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় যেভাবে নিজেদের মেধা ও প্রতিভা কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন তুলে ধরেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনার প্রশংসা করেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের প্রকল্পের কার্যপ্রণালি, বৈজ্ঞানিক ভিত্তি ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অতিথিদের বিস্তারিত তুলে ধরে। বিজ্ঞপ্তি




