দোয়ারায় ৪ বছর ধরে নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:৩৫:৪৫ অপরাহ্ন
বজলুর রহমান, দোয়ারাবাজার : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দীর্ঘ চার বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে একাডেমিক সুপারভাইজারকে দিয়ে চলছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম। এতে উপজেলার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আজাদুর রহমান ভূঁইয়া। তিনি বদলি হওয়ার পর থেকে এ পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় একাডেমিক সুপারভাইজারকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, দীর্ঘ চার বছর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় বিদ্যালয়গুলোর দাপ্তরিক কার্যক্রম থেকে শুরু করে শিক্ষার মানোন্নয়নে নানা সমস্যা হচ্ছে। সময়মতো বিভিন্ন কাগজপত্র জমা দেওয়া এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ থেকেও শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। দোয়ারাবাজারের পিছিয়ে পড়া শিক্ষার মান উন্নয়নে একজন নিয়মিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া জরুরি।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, তিনি দোয়ারাবাজারে যোগদান করেছেন এক সপ্তাহও হয়নি। তবে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এতে শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়ার বিষয়টি স্বাভাবিক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যত দ্রুত সম্ভব উপজেলায় একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজন।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রম ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে নানা জটিলতা তৈরি হচ্ছে, এটি সত্য। বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শূন্য পদে কর্মকর্তা পদায়নের জন্য আবেদন করা হয়েছে। তাঁরা নতুন পদায়নের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসের শূন্য পদ পূরণের আশ্বাস দিয়েছেন।




