বহিষ্কৃত নেতাদের দলে নিচ্ছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:৫১:২৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাদের মধ্যে ৯১ জন ছিলেন গুরুত্বপূর্ণ নেতা, যারা ত্রয়োদশ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় অনেক নেতাকর্মীকেও তখন হাইকমান্ডের শাস্তির মুখে পড়তে হয়। তবে এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ গ্রুপিং-কোন্দল নিরসন করে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে দলটি।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, দলীয় ঐক্য প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। এ উদ্যোগের অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি জমা দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে অন্তত ৫০০ নেতাকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে দলটির। তাদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী এমপি প্রার্থী রয়েছেন। এরই মধ্যে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একই প্রক্রিয়ায় অন্য নেতাদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূলের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করে দলটি। এদের মধ্যে সাতজন বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে বিএনপিতে ফেরার তালিকায় যারা থাকতে পারেন তাদের মধ্যে রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী। তারা হলেন- ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।




