পূর্ণাঙ্গ কমিটি গঠনে সিলেট যুবদলকে কেন্দ্রের ৩ দিনের আলটিমেটাম
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:২৮:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনে তিন দিনের সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করে জমা না দিলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদককে এ নির্দেশনা দেওয়া হয়।
পৃথক চিঠিতে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আবুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ঐ সময় পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট জেলা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ না করায় বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
চূড়ান্ত সতর্কবার্তায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।





