ফেরদৌসী কেককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:২৭:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়ায় এ জরিমানা করা হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানে সিলেট মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পৃথক ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, প্রতিষ্ঠানটির কেক তৈরির সামগ্রিক প্রক্রিয়া খুব খারাপ না হলেও বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।





