পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৪৩:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের শহরতলীর পরগণা এলাকা থেকে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে শাহপরান (র.) থানাধীন পরগনা বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে নূরুল কুরআন মাদ্রাসার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ঢাকা মেট্রো-ট-২০-০১২৪ নম্বরের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩৫১ পিস ভারতীয় কম্বল ও ৩৪ বস্তা চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।
অভিযানে আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার নয়ানী গ্রামের মো. হানিফ খানের পুত্র মো. বাবুল খান (৩৫) এবং নোয়াখালী সদর থানার আন্ডারচর এলাকার ওমর ফারুকের পুত্র তাওহিদুল ইসলাম (১৯)।
রোববার (২২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, শাহপরান থানায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





