নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:২৯:২৬ অপরাহ্ন

শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : টানা কয়েক দিনের বৃষ্টিতে হবিগঞ্জের নবীগঞ্জে হাওর ও বাড়ির পাশের মাঠগুলো ভিজে কাদায় পরিণত হয়েছিল। অগ্রহায়ণ মাসের পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিলেন হাজারো কৃষক। অবশেষে বৃষ্টি থেমে রোদ উঠতেই হাওরজুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। রোদের দেখা পেয়ে আনন্দে হাওর, বাড়ির উঠান ও মাঠে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন গ্রামের নারীরা।
গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কাটা ধান ভিজে যায়। উঠানে রাখা ধানে অঙ্কুর গজাতে শুরু করে। অনেক কৃষকের ঘরে রাখা ধানেও স্যাঁতস্যাঁতে গন্ধ ধরে যায়। কেউ ধান মাড়াই করতে পারছিলেন না, কেউবা শুকাতে না পেরে বাজারে বিক্রি করতে পারছিলেন না। ফলে পাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছিল কৃষক পরিবারের।
বুধবার সকাল থেকে রোদ উঠতেই পাল্টে যায় দৃশ্যপট। নবীগঞ্জের বিভিন্ন গ্রামের হাওর, বাড়ির উঠান, রাস্তার পাশ ও খালি মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে সোনালি ধান। গ্রামের নারীরা দল বেঁধে ধান শুকাচ্ছেন। কেউ ধান উল্টে দিচ্ছেন, কেউ কুলা দিয়ে ধান ঝাড়ছেন, আবার কেউ রোদে দেওয়া ধান পাহারা দিচ্ছেন। কারও মুখে হাসি, কারও মুখে গল্প।
গৃহবধূ শাহ রাজমিন আক্তার বলেন, কয়েক দিন বৃষ্টির জন্য ধান শুকাতে পারি নাই। ঘরে ধান ভিজে নষ্ট হয়ে যাচ্ছিল। আজ রোদ উঠছে। মনে হইতেছে বুকের ওপর থেকে পাথর নামছে। সকাল থেকে সবাই মিলে ধান শুকাইতেছি।
কৃষকরা জানান, আরও চার-পাঁচ দিন রোদ থাকলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে। এরপর ধান মাড়াই করে বাজারে বিক্রি করবেন তারা। অনেক কৃষক ইতোমধ্যে ধান মাড়াইয়ের জন্য মেশিন ঠিক করে রেখেছেন।
দূর থেকে তাকালে নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হাওরগুলোকে মনে হচ্ছে সোনার চাদরে ঢাকা। যেদিকে চোখ যায়, সেদিকেই ধান শুকানোর দৃশ্য। শিশুরা ধানের ওপর দিয়ে দৌড়াচ্ছে, হাঁস-মুরগি ধান খুঁটে খাচ্ছে। গ্রামীণ এই মনোরম দৃশ্য দেখতে ভিড় করছেন অনেকেই।
কৃষি অফিসের পরামর্শ, ধান ভালোভাবে রোদে শুকিয়ে ঠান্ডা করার পর বস্তায় ভরতে হবে। ভেজা ধান বস্তায় ভরলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বৃষ্টির কষ্ট ভুলে এখন নবীগঞ্জের কৃষক পরিবারগুলোতে বইছে আনন্দের হাওয়া। রোদের সঙ্গে সঙ্গে নারীদের হাসি, শিশুদের ছোটাছুটি আর কৃষকদের ব্যস্ততায় হাওরজুড়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।




