নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৩০:১২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে বৃহস্পতিবার বাদ আসর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া।
এছাড়া বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান ও আবুর রাইয়ান শাহীন, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা আমির ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারি মো. ইসমাইল আলী, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ, জেলা সভাপতি ফরিদ উদ্দীন, রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিছবাহুল হাসান এবং ছাত্রশিবিরের শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদসহ স্থানীয় নেতারা।
সভাপতির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ছাত্র-জনতাকে সিসাঢালা প্রাচীরের মতো ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। যারা নিরপরাধ মানুষকে হত্যা করে, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। এ ধরনের মানবতাবিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শুধু কার্যক্রম নিষিদ্ধ করাই যথেষ্ট নয়, দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।




