পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:২৫:২৩ অপরাহ্ন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর চৌহাট্টাস্থ আর. এন. টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত ডিজিটাল বুথে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। না জেনে কিংবা অন্যের কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ না করে বাজার পরিস্থিতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসানের সভাপতিত্বে এবং মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির সিলেট পূর্ব আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবির চৌধুরী এবং সিলেট পশ্চিম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রুহুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ ডিজিটাল বুথ চৌহাট্টা শাখার ইনচার্জ ও সিনিয়র অফিসার মো. শহিদুল হক।
গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন আইডিএলসি-এর সিনিয়র ইনচার্জ সামিউর রহমান টিটু, পূবালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মাহবুব আহমদ, বিনিয়োগকারী বিদ্যুৎ কান্তি দাস ও মো. ছাবের চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুনিয়র অফিসার আরাফাত বিন হোসাইন। বিজ্ঞপ্তি




