শাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা এনসিপির
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ১০:০৫:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।
নির্বাচন মিশনের (ইসি) সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে। ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এই ইসিতে যাঁরা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাঁদের রাখা যেতে পারে।
সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।
এছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তাঁরা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।






