এসএমপির অভিযানে ৭০ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৮:৪২:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গত ৩২ ঘন্টায় নিয়মিত ও বিশেষ অভিযানে ৭০ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে ভারতীয় মালামাল, মাদকদ্রব্য উদ্ধার ও ১০২টি যানবাহনও জব্দ করা হয়। বুধবার (৮ এপ্রিল) এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটক ৭০ জনের মধ্যে বুধবার (৮ এপ্রিল) ২০ জনকে আটক হয়। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জন মাদকসেবী, ৫ জন সন্দেহজনক ব্যক্তি এবং ৩ জন হকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (০৭ এপ্রিল) বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক ব্যবসায়ী ৫ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ (কেরু) এবং ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া ডিবির অভিযান থেকে ১১ বস্তায় ৩৩০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। ট্রাফিক পুলিশ ৮১টি মামলা প্রদান করে ১০২টি যানবাহন জব্দ করেছে। এসএমপি জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রম অব্যাহত থাকবে।




