এমসি কলেজে বাংলা বিভাগের আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৯:২০:৪৯ অপরাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা বিভাগ আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার কলেজ ছাত্রাবাসের ১ম ব্লকের মাঠে বাংলা বিভাগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ এ টুর্নামেন্টের আয়োজন করে।
দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের ৮টি দল অংশ নেয়। ফাইনালে অনার্স তৃতীয় বর্ষকে পরাজিত করে মাস্টার্স ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের মুখ্য সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক অঞ্জনা রাণী দে, সহকারী অধ্যাপক জিনি বেগম, মো. জাহেদুজ্জামান, কানন কান্তি দাস, এসএম আনোয়ারুজ্জামান এবং কলেজের শরীরচর্চা শিক্ষক মো. উস্তার আলী।
টুর্নামেন্ট পরিদর্শন করেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসান এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান।
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক সংগঠন ‘ঐকতান’ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সুস্থ ও আনন্দমুখর আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি






