ব্যাংকে অলস টাকার রেকর্ড
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৮:০৯:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই অর্থ ঋণ হিসেবে বিনিয়োগ হচ্ছে না। নতুন শিল্পকারখানা স্থাপন কিংবা ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের আগ্রহ কমে যাওয়ায় ব্যাংক খাতে জমছে অতিরিক্ত তারল্য। গত জুন শেষে এই অলস বা উদ্বৃত্ত তারল্যের পরিমাণ প্রথমবারের মতো রেকর্ড ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা। মে শেষে যা ছিল প্রায় ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ এক মাসেই উদ্বৃত্ত তারল্য বেড়েছে ৭০ হাজার কোটি টাকার বেশি। এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশএক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ। অন্যদিকে জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭৪ শতাংশ। বিপরীতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশে। অর্থাৎ ব্যাংকে যে হারে টাকা জমা হচ্ছে, সেই তুলনায় ঋণ হিসেবে অর্থ বের হচ্ছে অনেক কম।
আমানত বাড়ছে, ঋণ বাড়ছে না। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায় আমানত ও ঋণের প্রবৃদ্ধির তুলনা করলে। জুনে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশ। অর্থাৎ আমানতকারীরা ব্যাংকে টাকা রাখছেন, কিন্তু উদ্যোক্তারা সেই অর্থ ঋণ নিয়ে বিনিয়োগ করছেন না। এই ব্যবধান যত বাড়ছে, ব্যাংকে উদ্বৃত্ত তারল্যও তত বাড়ছে।
দুই বছর আগেও ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ছিল ১ লাখ ৯৩ হাজার ৯৬৪ কোটি টাকা। গত বছরের জুনে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকায়। চলতি বছরের জুনে এসে তা ৪ লাখ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র দুই বছরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দ্বিগুণেরও বেশি হয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, এই পরিস্থিতি শুধু ব্যাংক খাতে অতিরিক্ত টাকা জমে থাকার বিষয় নয়; বরং এটি দেশের বিনিয়োগ পরিস্থিতির দুর্বলতারও বড় একটি সংকেত। উদ্যোক্তারা ঋণ নিতে চাইছেন না, আবার ব্যাংকগুলোও অতীতের ঋণ অনিয়ম ও খেলাপি ঋণের অভিজ্ঞতায় নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক। ফলে ঋণের চাহিদা ও সরবরাহ— দুই দিক থেকেই বেসরকারি খাত চাপে রয়েছে।
ব্যাংকারদের মতে, নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের অনাগ্রহের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা গ্যাস ও বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ। একটি শিল্পকারখানা স্থাপন করে নিয়মিত উৎপাদন করা না গেলে ব্যাংক ঋণের সুদ পরিশোধ করাই উদ্যোক্তার জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। এর সঙ্গে রয়েছে উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার বাড়তি খরচ, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কর ও নীতির অনিশ্চয়তা। এসব কারণে নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না অনেক উদ্যোক্তা।
ব্যাংকাররা জানান, বর্তমানে যে ঋণ বিতরণ হচ্ছে, তার বড় অংশই যাচ্ছে চলতি মূলধন, কাঁচামাল আমদানি ও ব্যবসার দৈনন্দিন প্রয়োজন মেটাতে। নতুন শিল্প স্থাপন বা বড় ধরনের ব্যবসা সম্প্রসারণে ঋণের চাহিদা তুলনামূলকভাবে কম। জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবেজিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে।
উদ্যোক্তাদের ঋণ নেওয়ার আগ্রহ কমার পাশাপাশি ব্যাংকগুলোর ঋণ বিতরণেও এসেছে বড় ধরনের পরিবর্তন। অতীতে পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই বিপুল পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছিল। এর একটি বড় অংশ প্রকৃত বিনিয়োগে ব্যবহার হয়নি। পরে এসব ঋণের অনেকটাই খেলাপিতে পরিণত হয়েছে। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ অনেক বেশি। ফলে নতুন ঋণ দেওয়ার আগে উদ্যোক্তার ব্যবসা, জামানত, নগদ প্রবাহ ও ঋণ পরিশোধের সক্ষমতা যাচাইয়ে ব্যাংকগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর ঋণ বিতরণ সক্ষমতা কমে যাওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও সংকুচিত হয়েছে। ফলে ভালো ব্যাংকগুলোর কাছে অর্থ থাকলেও তারা ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দেওয়ার পরিবর্তে তুলনামূলক নিরাপদ সরকারি বিল ও বন্ডে অর্থ বিনিয়োগ করছে।
সাবেক ব্যাংকার মো. আরফান আলী বলেন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি না হওয়ায় উদ্যোক্তারা এখন ঋণ নিতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। একইসঙ্গে উদ্বৃত্ত তারল্যের বড় অংশ কয়েকটি ব্যাংকের কাছে রয়েছে। এসব ব্যাংক ঝুঁকি না নিয়ে সরকারি বিল ও বন্ডে অর্থ খাটানোকে বেশি নিরাপদ মনে করছে। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামোগত সমস্যার সমাধান না হলে বিনিয়োগের চাহিদা বাড়বে না। ঋণের সুদহার কমলেও বিনিয়োগের পরিবেশ ঠিক না হলে পরিস্থিতির বড় পরিবর্তন হবে না।





