গ্যাস সরবরাহ শুরু, সংকট কাটতে লাগবে সময়
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬, ৮:৫৮:২১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) চালু হয়েছে| মধ্যরাত নাগাদ এই কার্গো থেকে এলএনজি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা| এর ফলে সারা দেশে চলমান গ্যাস-সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে| শনিবার দুপুরের দিকে এলএনজিবাহী একটি কার্গো মহেশখালী সাগর উপকূলে অবস্থিত এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়|
পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টা নাগাদ এলএনজি থেকে সরবরাহ ঘণ্টায় ৬শ ৮৬ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে; দুপুর ১২টার দিকে সরবরাহ ছিল ৫শ৮১ মিলিয়ন ঘনফুট| বিকেলে এলএনজিসহ গ্যাসের মোট সরবরাহ দাঁড়িয়েছে ২৩০৭ মিলিয়ন ঘনফুট|
দেশে ˆদনিক ৩৮শ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়| তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে| গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দেয়| এর মধ্যে বিদ্যুতের উৎপাদন কমে গিয়ে সারা দেশে সর্বোচ্চ ৩ হাজার ৭শ ৬৭ মেগাওয়াট লোডশেডিং দেখতে হয়েছিল|
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির একজন কর্মকর্তা জানান, বেলা ২টার দিকে এক্সিলারেটের এফএসআরইউর কাছে একটি এলএনজি কার্গো এসে পোঁছায়| ৭ ঘণ্টা পর আনলোড শুরু হবে|
এদিকে গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে সারা দেশের শিল্প কারখানা| নতুন করে গ্যাস আসার খবরে ফের উৎপাদন শুরু করার পরিকল্পনা করছেন শিল্প মালিকেরা| তবে যেসব এলাকায় গ্যাস নেই সেখানে গ্যাস পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিতরণ সংস্থা তিতাস|
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ জানান, চট্টগ্রাম অঞ্চল ও কুমিল্লা অঞ্চলের চাহিদা পূরণ করে ঢাকাসহ তিতাসের বিতরণ এলাকায় গ্যাস পৌঁছাবে| সে ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লেগে যাবে| আবার এদিকে দীর্ঘদিন গ্যাস না থাকার কারণে পাইপলাইনগুলোতে শূন্যতার সৃষ্টি হয়েছে| সে ক্ষেত্রে সময় লাগবে|
তিতাসের এই কর্মকর্তা আরও জানান, গরমে চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের বাড়তি বরাদ্দ দিয়েছিল তিতাস| সেই বরাদ্দ ঠিক রেখে লাইনে পাওয়া বাড়তি গ্যাস থেকে রপ্তানিমুখী কলকারখানায় বরাদ্দ বাড়ানো হবে|
এদিকে গত ৯ বছর ধরে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে| ঘাটতি পূরণে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়| মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে| এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের|




